নগদ লেনদেন নিরুৎসাহিত করে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরিফ হোসেন খান, মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক
দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। পাঁচ বছরের ব্যবধানে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণও দ্বিগুণ ছাড়িয়েছে। ২০২১ সালের অক্টোবর শেষে দেশে তিন ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লাখ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখে। আর কার্ডে মোট লেনদেন ২ লাখ ৫২ হাজার ৯১৮ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ, আর লেনদেন বেড়েছে ১০১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর মাসের কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, কার্ড বিস্তারের পাশাপাশি বাড়ছে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে এর ব্যবহার। গত সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলো থেকে ইস্যু করা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড দিয়ে বিদেশে বাংলাদেশিরা ব্যয় করেছেন ১ হাজার ৪০ কোটি ২০ লাখ টাকা। আগের মাস আগস্টে এই ব্যয় ছিল ৯৮৬ কোটি ৭০ লাখ টাকা। এক মাসে বিদেশে কার্ডে বাংলাদেশিদের ব্যয় বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
পাঁচ বছর আগে ২০২১ সালের অক্টোবর শেষে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার, ক্রেডিট কার্ড ১৭ লাখ ৭৯ হাজার এবং প্রিপেইড কার্ড ১০ লাখ ৭৫ হাজার। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৪ হাজার, ক্রেডিট কার্ড ২৮ লাখ ৩৯ হাজার এবং প্রিপেইড কার্ড ৯৬ লাখ ৬৮ হাজারে উন্নীত হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, নগদ লেনদেন নিরুৎসাহিত করে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের কার্ডের পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাড়ানোর উদ্যোগও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ৫৪০ কোটি ২০ লাখ, ডেবিট কার্ডে ৪৪১ কোটি ২০ লাখ এবং প্রিপেইড কার্ডে ৫৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। তিন ধরনের কার্ডের মধ্যে বিদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ক্রেডিট কার্ড।
বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে বিদেশে বাংলাদেশিদের মোট ক্রেডিট কার্ড লেনদেনের ১৫ দশমিক ৫২ শতাংশ হয়েছে দেশটিতে। এরপর রয়েছে যুক্তরাজ্য, থাইল্যান্ড, ভারত ও সিঙ্গাপুর। ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে প্রিপেইড কার্ড ব্যবহারে শীর্ষে ছিল ভারত।
তবে বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহারের পরিমাণ কমেছে। সেপ্টেম্বরে বিদেশে ইস্যু করা কার্ড দিয়ে বাংলাদেশে ২২৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগস্টে এই পরিমাণ ছিল ২৪৮ কোটি ৯০ লাখ টাকা। এক মাসে দেশে বিদেশিদের কার্ডে ব্যয় কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে ইস্যু করা কার্ড। সেপ্টেম্বরে মোট লেনদেনের ১৯ দশমিক ৯৬ শতাংশ হয়েছে এসব কার্ডের মাধ্যমে। এরপর রয়েছে যুক্তরাজ্য ও ভারত।
সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২১৬ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এই পরিমাণ ছিল ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসে লেনদেন বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে মোট লেনদেনের ৪৮ দশমিক ৭৬ শতাংশ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে। এ ছাড়া রিটেইল আউটলেটে ১২ দশমিক ৬৫ শতাংশ, ইউটিলিটি বিল পরিশোধে ৭ দশমিক ৩৩, ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ৯৮, নগদ টাকা উত্তোলনে ৫ দশমিক ৮৯ এবং পোশাকের দোকানে ৫ দশমিক ২৪ শতাংশ লেনদেন হয়েছে।