হোম > অর্থনীতি

গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো

আজকের পত্রিকা ডেস্ক­

দুপুরে দিকে হঠাৎ ব্যাংক ভবন ত্যাগ করেন গভর্নর আহসান মনসুর। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে বদল ঘটিয়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শিল্পোদ্যোক্তা মো. মোস্তাকুর রহমানকে। আজ বুধবার দিনভর নাটকীয় সব ঘটনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগেই তা বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এর পরপরই সময় নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপনও হয়েছে।

দিনভর নাটকীয়তা

আজ বুধবার সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তাদের একাংশ প্রতিবাদ সমাবেশ করেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে আয়োজিত এই সভায় ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী’ আচরণের অভিযোগ তোলা হয়।

কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ অভিযোগ করেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যাংক প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করার অজুহাতে চলতি সপ্তাহের শুরুতে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের জবাব দেওয়ার আগেই গভর্নর তাঁদের তড়িঘড়ি করে বদলি করে দেন। মাসুম বিল্লাহ নিজেও এমন নোটিশ ও বদলির শিকার হয়েছেন বলে জানান।

ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন চেয়েছিলাম, কিন্তু পেয়েছি স্বৈরশাসন।’ তিনি আরও অভিযোগ করেন, কার্যকর অর্থনৈতিক নীতি গ্রহণের বদলে বহু উপদেষ্টা ও পরামর্শককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নিয়মিত নিয়োগ বন্ধ রাখা হয়েছে, যা সাধারণ কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী জানান, গত সাত-আট মাস ধরে কর্মকর্তারা বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন যা গভর্নর কর্ণপাত করেননি। আজ বিকেলের মধ্যে বদলি ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার না করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতীকী ‘কলম বিরতি’ পালনের আল্টিমেটাম দেওয়া হয় সমাবেশ থেকে।

গভর্নর বদলের গুঞ্জন

আজ দুপুর থেকেই আর্থিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদটি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন গভর্নর নিয়োগের একটি আনুষ্ঠানিক প্রস্তাব অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী তাতে সম্মতি দেওয়ার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অপেক্ষা করুন, এখনই কিছু বলছি না। প্রজ্ঞাপন জারি হলে সব জানতে পারবেন।’

বিদায়ী গভর্নরের বক্তব্য

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে ড. আহসান এইচ মনসুর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, ‘পদত্যাগ করতে আমার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে। আমি এখানে কোনো মোহের কারণে আসিনি, দেশের এই সংকটকালীন সময়ে জাতীয় কর্তব্য হিসেবে দায়িত্ব নিয়েছি।’ তিনি কিছু কর্মকর্তাকে ‘স্বার্থান্বেষী মহলের ইশারায় পরিচালিত’ বলে মন্তব্য করেন এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। তবে নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পরপরই দুপুর ২টা ৪৮ মিনিটে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে ব্যাংক ভবন ত্যাগ করেন।

আহসান মনসুর চলে যাওয়ার পর উত্তেজিত কর্মকর্তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে হেনস্তা করে ব্যাংক থেকে বের করে দেন। এ সময় ব্যাংক চত্বরে ব্যাপক হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কে এই নতুন গভর্নর মোস্তাকুর রহমান?

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান পেশাগত জীবনে একজন সফল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) এবং শিল্পোদ্যোক্তা। এ ছাড়া তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সেই সঙ্গে তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এ-ই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করা হলো।

মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

উদ্যোক্তা থেকে গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশে বাজার সম্প্রসারণে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পথচলা

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয় ও যোগ্যতা

আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তাঁর উপদেষ্টাকেও

আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বারভিডা নেতাদের বৈঠক

৩৯ মাস পর রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার