দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাস আগে, অর্থাৎ গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ৯৬৯ কোটি টাকা। এর মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশই শ্রেণিকৃত ঋণ। জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৯৪ হাজার ৫১৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তা বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৮৮৯ কোটি টাকা।
এর আগে গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। পরবর্তী সময়ে মার্চ প্রান্তিকে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে।
সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়ে। এসব অনিয়মের প্রভাবেই ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে আওয়ামী লীগ সরকার পতনের আগের মাসে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের সময়ে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে। আগে আড়ালে থাকা অনেক ঋণও খেলাপি হিসেবে চিহ্নিত হয়। ফলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বেড়ে যায়। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। এতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বর্তমান বিএনপি সরকারের আমলে ব্যাংক খাতে শ্রেণিকৃত ও খেলাপি ঋণের পরিমাণ ফের বাড়ছে।
খেলাপি ঋণের এই উচ্চ হার ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা ও ঋণ দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, বিপুল পরিমাণ ঋণ অনাদায়ি থাকায় ব্যাংকের মুনাফা ও মূলধনের ওপর চাপ তৈরি হচ্ছে। এতে নতুন ঋণ বিতরণ এবং অর্থনীতিতে বিনিয়োগের ধারাও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ঋণখেলাপিদের বারবার নীতিসহায়তা দেওয়ার পরিবর্তে ব্যাংক খাতে সুশাসন, জবাবদিহি ও ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অতীতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত চিত্রও পুরোপুরি সামনে আসেনি। এ জন্য ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই, দুর্বল ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছেন তাঁরা।