দেশের বাজারে আবারও কমল সোনার দাম। এবার ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার সকাল থেকে সোনার নতুন এই দাম কার্যকর হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনা প্রতি ভরির দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমেছে। এর ফলে দেশের বাজারে সোনার বিক্রয় মূল্য কমানো হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং
সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।