হোম > অর্থনীতি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা চার দিন বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত এক চিঠির বরাতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী স্থলবন্দরকে এই তথ্য জানায়। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে এ নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অন্যদিকে, ২৪ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় বন্দর বন্ধ থাকবে। এর পরদিন অর্থাৎ ২৫ এপ্রিল (শনিবার) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসাসংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকেরা এই সময়ে যাতায়াত করতে পারবেন। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতীয় বিএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কপি দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। অন্যদিকে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, স্থানীয় ব্যাংকসহ সব গোয়েন্দা সংস্থাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনার কপিসহ আমাদের বন্দর বন্ধের বিষয়টি জানিয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ মে।

বিএসইসিতে নতুন কমিশন: পুঁজিবাজার সংস্কারে ১০ কর্মসূচি

বাজেট ২০২৬-২৭: ভ্যাট রিটার্নে শেষ হচ্ছে মাসিক হিসাবের চাপ

৩৮ দিনে প্রিমিয়ার ব্যাংকের ১৬৭৮ কোটি টাকার আমানত সংগ্রহ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি

আবার মার্কিন শুল্কের ভয়

ইপিবির প্রতিবেদন: মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর আরও ১০–১২.৫% শুল্কারোপের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের

আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তেলের দাম বাড়ল আরও ১ শতাংশের বেশি

পুনঃ তফসিল সুবিধার পরও বেড়েছে ৩১ হাজার কোটি টাকা