চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। যা ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায় যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে।
আজ সোমবার জাতীয় সংসদে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রীর তথ্যমতে, ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে খেলাপি ঋণ ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ। মন্ত্রী জানান বিগত ৫ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জামায়াতের আরেক এমপি কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি, ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার করা এবং ঋণ পুনরুদ্ধার ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গড়ে তোলা।
অর্থমন্ত্রী বলেন, যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় তদারকি করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা এবং তা দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।
মন্ত্রী জানান, দীর্ঘদিনের অনাদায়ি এবং প্রচলিত পদ্ধতিতে আদায়ের সম্ভাবনা কম—এমন ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা (Special One-time Exit Facility) চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তে ঋণগ্রহীতারা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধায় ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন ও খেলাপি ঋণের সমাধান এবং ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সমস্যাগ্রস্ত সম্পদ নিষ্পত্তি সহজ হবে। এ ছাড়া সরকারের আরও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।
বিএনপির এমপি আনিছুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে সাময়িক জাতীয় আয় হিসাবে মাথাপিছু আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। একই সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ, আগের অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক প্রকল্প সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ৬০ শতাংশ কমেছে। এর অন্যতম কারণ হিসেবে দীর্ঘ প্রায় দুই বছর দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং বহির্বিশ্বের সংকটময় পরিস্থিতিকে উল্লেখ করা হয়েছে। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি সৃষ্টি হওয়ায় বৈদেশিক সহায়তা ছাড় কমেছে।
এ পরিস্থিতিতে অর্থছাড় বাড়াতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে সভা আয়োজন, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং প্রকল্পের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
খেলাফত মজলিশের এমপি মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাময়িক হিসাবে মোট ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে আয়কর ৩৩ হাজার ৪৪ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ২৮ হাজার ৭৯০ কোটি, আবগারি শুল্ক ৫৬০ কোটি এবং আমদানি-রপ্তানি কর ৩০ হাজার ১৩০ কোটি টাকা। এই আদায় নির্ধারিত ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ।
মোহাম্মদ আবুল হাসানের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের ভারসাম্য হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ১০৮ কোটি ৫০ লাখ ডলার এবং আমদানি ব্যয় ছিল ১ হাজার ৬৮০ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা বর্তমানে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধি; আমদানিনির্ভর পণ্যের বৈদেশিক মূল্য ও বিনিময় হারের ওঠানামা; মৌসুমি উৎপাদন ও সরবরাহের অনিশ্চয়তা এবং বিপণন ও পরিবহন ব্যয়ের কারণে দেশের বাজারে মূল্যচাপ সৃষ্টির ঝুঁকি রয়েছে। এ ছাড়া মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতা নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ থাকলেও অক্টোবরে তা কিছুটা কমেছে। মূল্যস্ফীতি টেকসইভাবে কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার ওপর চাপ হ্রাস করা সরকারের অগ্রাধিকার। সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে বর্তমান সরকার। নতুন কোনো প্রকল্প বৈদেশিক ঋণে বাস্তবায়নের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়। তিনি বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
বিএনপির এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণের পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। যার মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ আনুমানিক ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ আনুমানিক ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে ঋণ পরিশোধের জন্য ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা (মূলধন ও সুদ) বরাদ্দ রাখা হয়েছে।
বিএনপির এমপি মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা ব্যাংকগুলোর দলিলাদি আরও যাচাই-বাছাই, প্রস্তাবিত স্পনসর ও পরিচালকদের যোগ্যতা ও উপযুক্ততা যাচাই, বিদ্যমান আইন ও বিধিবিধান পরিপালন, পাইলটিং কার্যক্রম পরিচালনায় সম্মতি এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারের কাছ থেকে শেয়ার ধারণের নির্ধারিত সীমায় ছাড় নেওয়ার শর্তে ডিকে লিমিটেড, বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট ডিজিটাল ব্যাংক পিএলসি ও নোভা ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী, ডিজিটাল ব্যাংকগুলো গ্রাহকসেবার বিপরীতে কমিশন ও ফি নির্ধারণ করবে। ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া হবে বলে এসব কমিশন ও ফি কমার সম্ভাবনা রয়েছে।
বিএনপির এমপি লুৎফর রহমান কাজলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৫ বছরে (২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত) স্থলবন্দর হতে ৪৮ হাজার ৬৪৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।