দেশের বাজারে আবারও সোনার দাম কমল। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি এখন থেকে পাওয়া যাবে ২ লাখ ২১ হাজার ৯৮৬ টাকায়, যা গত সোমবার ছিল ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে তিন হাজার তিনশ তিন টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে।
এর আগে সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯১১ টাকা এবং ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ১০৭ টাকা। অন্যদিকে সনাতনী সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৯৩ টাকা।
নতুন মূল্য তালিকায় রুপার দামেও এসেছে পরিবর্তন। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৯১ টাকা। অন্যদিকে সনাতনী রুপার প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
মূল্য তালিকা সংযুক্ত করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবেও বলে জানিয়েছে বাজুস।