হোম > অর্থনীতি

মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন বৈঠক

অর্থনৈতিক সংকট কাটানোর আগে এলডিসি উত্তরণের সুযোগ নেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল আয়োজিত জাতীয় মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো পূর্ণ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা দুর্বল, ফলে এই মুহূর্তে উত্তরণের সুযোগ দেখছেন না তিনি।

গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রতিক্রিয়া দেখান অর্থমন্ত্রী। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের অঙ্গ সংস্থা ওএইচআরএলএলএস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ মুহূর্তে এলডিসি উত্তরণের পথে সরকারের বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই গত ফেব্রুয়ারি মাসে এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এরপর গতকাল রোববার অর্থমন্ত্রী এমন প্রতিক্রিয়া জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত বছরগুলোয় নীতিগত ভুল পদক্ষেপের কারণে অর্থনীতির প্রতিটি মানদণ্ডে দেশের অবস্থান নিম্নমুখী হয়েছে, বৈদেশিক ঋণের অব্যবস্থাপনার কারণে সরকারের ঋণের বোঝা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক বাস্তবতায় উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের আরও সময় প্রয়োজন। এ লক্ষ্যে সরকার সম্প্রতি জাতিসংঘের কাছে উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই চ্যালেঞ্জ মোকাবিলায় ঋণের সুদক্ষ ব্যবস্থাপনা এবং কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে করজাল আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার লক্ষ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর ও বহুমুখীকরণ এবং উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

জাতিসংঘের (এইচআরএলএলএস) আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা বলেন, সরকার সম্প্রতি উত্তরণের প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানোর আবেদনটি এখন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে (ইউএনসিডিপি) বর্তমানে বিবেচনায় রয়েছে। সেখানে যথাযথ কারিগরি পর্যালোচনা শেষে সিডিপি এই বিষয়ে জাতিসংঘ সামাজিক ও অর্থনৈতিক পরিষদকে প্রয়োজনীয় সুপারিশ দেবে, যার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এই উত্তরণের পেছনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা সরাসরি বিবেচনায় নিয়ে সরকার মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করবে।

ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জানান, উত্তরণের প্রক্রিয়াটি মসৃণ ও টেকসই করতেই সরকারের এই কৌশলগত পদক্ষেপ।

আলোচনায় বিষয়ের ওপর প্রস্তুতির সক্ষমতা মূল্যায়নের প্রধান প্রধান দিকগুলো তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক ও ড. ড্যানিয়েল গে।

ড. রাজ্জাক ও ড. গে তাঁদের উপস্থাপনায় অভিমত দেন বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ ঘটলে এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকির দিকগুলো আরও প্রকট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

১২ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প একনেকে

শ্রম আইন অধ্যাদেশ সংস্কারের দাবি তৈরি পোশাক কারখানা মালিকদের

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে: অর্থমন্ত্রী

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

টানা দুই মাস বেড়েছে নগদ টাকার প্রবাহ

জ্বালানি সংকটে অচল লাইটার জাহাজ

বাণিজ্যিক প্রয়োজনে নেপাল–বাংলাদেশ–ভারত সম্পর্ক গড়তে হবে: বিলিয়নিয়ার বিনোদ চৌধুরী

জ্বালানি ও জলবায়ু প্রকল্পে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

ছুটির দিনেও পেট্রলপাম্পে ভিড়

রোববার থেকে নতুন সময়সূচিতে ব্যাংক, অফিস