হোম > অর্থনীতি

সোনার দামে বড় ধাক্বায় কমেছে ১১ হাজার টাকা, ভরি কত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। এবার এক ধাক্কায় কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০ থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

সোনার দামের সঙ্গে সঙ্গে কমেছে রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিক্রির ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।