হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে চুক্তি অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল পরিচালনা ও বাস্তবায়ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় উত্তরবঙ্গে কৃষিপণ্য উৎপাদন থেকে সংরক্ষণ, বাজারজাতকরণ ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।