হোম > অর্থনীতি

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে এটি সরকারের একটি বিশাল পদক্ষেপ। প্রকল্পের প্রথম পর্যায়ের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িত হবে।

কেন এই প্রকল্প?

১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারাজ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। ফারাক্কা ব্যারাজের উজানে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের পদ্মা নদী ও এর শাখা নদীগুলো (হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, ইছামতী ও বড়াল) শুকিয়ে গেছে। এর ফলে লবণাক্ততা বেড়ে গিয়ে কৃষি ও জীববৈচিত্র্য, বিশেষ করে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই সংকট মোকাবিলায় রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ একটি ব্যারাজ নির্মাণ করা হবে। প্রকল্পের প্রধান কারিগরি ও অবকাঠামোগত দিকগুলো হলো:

ব্যারাজ অবকাঠামো: ২.১ কিমি দীর্ঘ ব্যারাজে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট (প্রতিটি ১৮ মিটার প্রশস্ত) এবং ১৮টি আন্ডার স্লুইসগেট।

পরিবহন ও সংযোগ: ব্যারাজের ওপর দিয়ে একটি রেলওয়ে সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া বাঁধের ডেককে সড়ক সংযোগ, বিদ্যুৎ সঞ্চালন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন: প্রথম পর্যায়ে মূল ব্যারাজ ও গড়াই অফটেক স্ট্রাকচারে জলবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিনা জ্বালানিতে প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

নদী পুনরুজ্জীবন: হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী—এই পাঁচটি নদী সিস্টেম পুনরুজ্জীবিত করা হবে।

ড্রেজিং: গড়াই-মধুমতী নদী সিস্টেমে ১৩৫.৬০ কিমি এবং হিসনা নদী সিস্টেমে ২৪৬.৪৬ কিমি নিষ্কাশন পুনর্খনন করা হবে। এ ছাড়া ১৮০ কিমি এফ্ল্যাক্স বাঁধ নির্মাণ করা হবে।

সরকার বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। এটি দেশের ৪ বিভাগের ২৬ জেলার ১৬৩টি উপজেলায় প্রভাব ফেলবে। তবে প্রথম পর্যায়ে ১৯ জেলার ১২০টি উপজেলা সরাসরি সুফল পাবে।

উপকারভোগী জেলাগুলো হলো: খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল বিভাগের পিরোজপুর।

প্রত্যাশিত সুফল ও লক্ষ্য

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে:

১. লবণাক্ততা হ্রাস: শুষ্ক মৌসুমে প্রায় ২ দশমিক ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণ করা হবে।

২. কৃষি ও মৎস্য উন্নয়ন: প্রায় ২৯ লাখ হেক্টর নিট চাষযোগ্য এলাকায় সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে বার্ষিক ধান উৎপাদন ২৩ দশমিক ৯০ লাখ টন এবং মাছ উৎপাদন ২ দশমিক ৩৪ লাখ টন বৃদ্ধি পাবে।

৩. সুন্দরবন রক্ষা: স্বাদুপানির সরবরাহ নিশ্চিত হওয়ায় সুন্দরবনের ইকোসিস্টেমের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

৪. অর্থনৈতিক রিটার্ন: প্রকল্পটির অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার (ইআইআরআর) ধরা হয়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ। এর মাধ্যমে বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন পাওয়া যাবে।

বাস্তবায়নের চ্যালেঞ্জ

সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধার্থে এটিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে মূল ব্যারাজ ও গুরুত্বপূর্ণ নদী সিস্টেমের কাজ সম্পন্ন হবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো ভূরাজনৈতিক বাস্তবতা। ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন, ব্যারাজের উজানে ক্ষয় এবং ভাটিতে পলি জমার মতো পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় উন্নত নকশা ও নিয়মিত হাইড্রো-মরফোলজিক্যাল সমীক্ষার প্রয়োজন হবে। তবু এটি বাস্তবায়িত হলে মৃতপ্রায় নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা সুরক্ষিত হবে।

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ