কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগনির্ভর করার পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে ফিবিহীন লেনদেনের মাধ্যমে নগদ টাকার ব্যবহার কমানোর উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী।
আইসিবিকে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল-বেসড করার ক্ষেত্রে আইসিবিকে ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত রিটেইল বা খুচরা বিনিয়োগকারী নির্ভর। বিশ্বের পুঁজিবাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পরিচালিত হয়। তাই দেশের বাজারকেও রিটেইল-বেসড অবস্থা থেকে ইনস্টিটিউশনাল-বেসড করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয় পুঁজিবাজারে এনে জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোই ছিল এর উদ্দেশ্য। তাই আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বের হয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তর হতে হবে।
অর্থমন্ত্রী জানান, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, আইসিবিসহ পুঁজিবাজারের প্রতিটি স্তরে অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতিতে পুঁজিবাজার পরিচালিত হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক খাতের শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।
ক্যাশলেস অর্থনীতির আওতায় আসবে সবাই: একই দিন রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী জানান, দেশে ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে।
অর্থমন্ত্রী বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে এখন থেকে কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। যেকোনো লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে বিনা মূল্যে করা যাবে। ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানের হিসাবে কিউআর কোডের মাধ্যমে সহজে টাকা নিতে পারবেন। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন আরও সহজ হবে।