হোম > অর্থনীতি

জরুরি বিল পরিশোধ: অ্যাপে মিলবে ১০ হাজার টাকা ঋণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জরুরি বিল বা প্রয়োজনীয় ফি পরিশোধে ব্যাংকের অ্যাপ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নেওয়া যাবে। তবে এই ঋণের টাকা নগদে তোলা বা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। নির্ধারিত সেবা প্রদানকারীকে সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে ঋণের অর্থ।

‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই ঋণ চালুর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার জারি করা নীতিমালায় বলা হয়েছে, গ্রাহকের সাময়িক অর্থসংকট মেটানো এবং ডিজিটাল লেনদেন বাড়ানো এই উদ্যোগের উদ্দেশ্য।

নীতিমালা অনুযায়ী, এই ঋণে সুদ নেওয়া হবে না। ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত ফি দিতে হবে। ঋণের মেয়াদ হবে ৭, ১৫ অথবা ৩০ দিন। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ ফি যথাক্রমে ৩, ৪ ও ৬ টাকা। আর ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে একই মেয়াদে সর্বোচ্চ ফি হবে ৩৫, ৭০ ও ১৩০ টাকা।

অর্থাৎ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ৩০ দিনের মেয়াদ বেছে নিলে সর্বোচ্চ ১৩০ টাকা ফি দিতে হবে। ঋণের মূল টাকা ও ফি একসঙ্গে পরিশোধ করতে হবে। ৭ দিনের ঋণ হলে অষ্টম দিনে, ১৫ দিনের ঋণ হলে ১৬তম দিনে এবং ৩০ দিনের ঋণ হলে ৩১তম দিনে পরিশোধের সময়সীমা শেষ হবে।

গ্রাহক চাইলে নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত ফি ছাড়া কোনো সুদ, প্রিপেমেন্ট, আর্লি সেটেলমেন্ট বা ফোরক্লোজার ফি নেওয়া যাবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত সময়ের জন্য দৈনিক ভিত্তিতে জরিমানা বা ফি নেওয়া যাবে। এই জরিমানা ৩০ দিনের মেয়াদের জন্য নির্ধারিত দৈনিক ফির বেশি হতে পারবে না।

ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আমানতের কিস্তি, বিমা প্রিমিয়াম, টোল ও টিকিট, কর এবং বিভিন্ন সরকারি ফি পরিশোধে এই ঋণ ব্যবহার করা যাবে।