হোম > অর্থনীতি

সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে: বিসিআইসি চেয়ারম্যান

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোথাও কোনো সার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও সরকারের সচিব মো. বাবুল মিঞা। তিনি বলেছেন, সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

গত ১২ ও ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং সার মজুদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের অংশ হিসেবে বিসিআইসি চেয়ারম্যান ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে নির্মাণাধীন বাফার গুদামগুলোর কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট গুদামগুলোতে সার পরিবহন, সংরক্ষণ ও মজুদের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি কৃষকের চাহিদা অনুযায়ী সারের স্বাভাবিক ও নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদ বজায় রাখা এবং পরিবহন ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর রংপুর সার্কিট হাউসে সার পরিবহন, সংরক্ষণ ও মজুদ পরিস্থিতি নিয়ে মনিটরিং কমিটির সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন বিসিআইসি চেয়ারম্যান। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

সভায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং এসব গুদামে সার পরিবহন, সংরক্ষণ ও বর্তমান মজুদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাবুল মিঞা বলেন, উত্তরাঞ্চলে সারের সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কিছু অসাধু মহলের প্রচারিত তথ্যে সারের কৃত্রিম সংকট নিয়ে কৃষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ ধরনের গুজব ও বিভ্রান্তি দূর করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার বিতরণ ব্যবস্থাপনা এবং মজুদ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

একই সঙ্গে কৃষকদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ না করার আহ্বান জানান তিনি। কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন বিসিআইসি চেয়ারম্যান।