• সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক
• এই বিনিয়োগ হলে ব্যাংকটির ৭৮.৮ শতাংশ মালিকানা হবে সরকারের
এক সময় দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক এখন গভীর আর্থিক সংকটে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে ব্যাংকটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে। এতে ব্যাংকটিতে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।
তবে সরকারি মালিকানায় গেলেও ব্যাংকটির দীর্ঘদিনের সংকট কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলধন জোগানের পাশাপাশি সুশাসন, ঋণ আদায় ও ব্যবস্থাপনায় সংস্কার জরুরি।
এ বিষয়ে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগের সরকারের (ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার) ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ব্যাংকটি এখনো সেই বিপদ থেকে পুরোপুরি বের হতে পারেনি। বর্তমানে ব্যাংকটিকে সরকারি মালিকানায় নেওয়ার যে উদ্যোগ চলছে, তা কতটা কার্যকর হবে, এখনই বলা সম্ভব নয়। এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার আগে আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে।
সূত্র জানায়, ইসলামী ব্যাংক চলতি বছরের ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-৩৩’ জমা দিয়েছে। এতে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যু করে ৬ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা হবে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দেয়। এতে সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো এ বিনিয়োগে সম্মত কি না, তা জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত।
ব্যাংকটির শীর্ষ নির্বাহীদের ধারণা, সরকার প্রস্তাবে সম্মতি দিলে আপাতত মূলধন ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে। ২০২৭ থেকে ২০৩৩ সাল মেয়াদি মূলধন পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করার পথ তৈরি হতে পারে।
ইসলামী ব্যাংকের প্রায় ৮২ শতাংশ শেয়ারের মালিকানা এখনো চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর থেকে এর আর্থিক অবস্থার অবনতি ঘটে। ওই গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান ব্যাংকটির ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে। বর্তমানে এসব শেয়ার আদালতের আদেশে জব্দ রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের সুযোগ নেই। অথচ ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট মালিকানার পরিমাণ এর চেয়ে অনেক বেশি। এ ক্ষেত্রে বেনামে শেয়ার ধারণের বিষয়ও রয়েছে। এসব শেয়ারের মালিকানা নিয়ে আদালতের নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সেই নির্দেশনা অনুযায়ী স্থিতাবস্থা বজায় রেখেছে। শেয়ারগুলো ফ্রিজ, নিষিদ্ধ বা নগদায়ন করে কোনো বিশেষ গোষ্ঠীর ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হবে না।
সরকার নতুন বিনিয়োগ করলে জব্দ থাকা শেয়ারগুলোর কী হবে, জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, এ বিষয়ে আদালত যে নির্দেশনা দেবেন, তা অনুসরণ করা হবে।
ইসলামী ব্যাংকের আর্থিক দুরবস্থার চিত্র উঠে এসেছে চলতি বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনেও। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হারও সাড়ে ১২ শতাংশ থেকে কমে প্রায় সাড়ে ৬ শতাংশে নেমেছে। শেয়ারবাজারেও ব্যাংকটির শেয়ারের দর কমেছে। এক সময় ৪৪ টাকা ২ পয়সা থাকা প্রতিটি শেয়ারের দাম নেমে এসেছে ২৩ টাকা ৪০ পয়সায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মূলধন জোগানের বিকল্প নেই। এ কারণেই ব্যাংকটি সরকারের দ্বারস্থ হয়েছে। তবে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। মূলধন জোগানের বিপরীতে যে শেয়ার ইস্যু হবে, তা শুধু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নয়, সংকটে থাকা অন্য ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হতে পারে।
ইসলামী ব্যাংকের সংকট উত্তরণে শুধু নতুন মূলধন জোগান যথেষ্ট নয় বলে মনে করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী। তিনি বলেন, প্রথমে ব্যাংকটির সম্পদের প্রকৃত অবস্থা নিরূপণ, খেলাপি ঋণ আদায় এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এরপর প্রয়োজনীয় মূলধন ও তারল্য জোগানের ব্যবস্থা করতে হবে।
সরকারের বাজেট থেকে সরাসরি ৬ হাজার কোটি টাকা দেওয়া কিংবা নতুন টাকা ছাপিয়ে অর্থায়নের পরিবর্তে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়ে মুস্তফা কে মুজেরী বলেন, এ ক্ষেত্রে বিশেষ বন্ড ইস্যু, সোনালী ব্যাংকসহ অন্যান্য সবল ব্যাংকের কাছ থেকে আন্তব্যাংক তারল্য সহায়তা নেওয়া এবং প্রয়োজনে সম্মিলিত ইসলামী ব্যাংকের মতো সমন্বিত কাঠামো বিবেচনা করা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যাংকের ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা, অতীতের অনিয়মের দায় নির্ধারণ, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া। এসব সংস্কার ছাড়া মালিকানা সরকারের হাতে গেলেও ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের সংকট কাটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।