• নির্মাণ খাতে কর্মী নিয়োগ
• ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করতে দেশটির দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মসংস্থান অনুমতি ব্যবস্থা (ইপিএস)-এর আওতায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সম্প্রসারণ, মৌসুমি কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, কোরীয় ভাষা শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এনইএসএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী নুরুল হক দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী তৈরিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, দেশটির কর্মক্ষেত্রের উপযোগী জনশক্তি তৈরিতে বাংলাদেশ সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
বৈঠকে কর্মসংস্থান সেবা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, কোরীয় ভাষা শিক্ষা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণে এনইএসএর অভিজ্ঞতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশি কর্মীদের ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষতা বৃদ্ধি, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং বিদেশে যাওয়ার আগে প্রস্তুতি জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষিণ কোরিয়ার কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ হবে বলে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিপুল জনশক্তি এবং আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী নির্মাণ খাতের শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং পেশাগত নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে সিএকে ও কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জনশক্তির চাহিদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নির্মাণস্থলে কার্যকর যোগাযোগের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। দেশটির নির্মাণশিল্পের চাহিদা অনুযায়ী ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ ও প্রয়োজনীয় পেশাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি কর্মী তৈরিতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
উভয় বৈঠকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, বাংলাদেশি কর্মীদের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ অনুসন্ধানে দুই পক্ষের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।