বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্ন কার্যক্রমের উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
আজ বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
অনুদানের মধ্যে উত্তরা এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেকসই সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি।