ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন। এ সফরের আয়োজন করে আইপিপিএফের সহযোগী সদস্য সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।
সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, তরুণদের ক্ষমতায়ন এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
সফরের অংশ হিসেবে পিএসটিসির কয়েকটি প্রকল্প ও সেবাকেন্দ্র পরিদর্শন করবেন আইপিপিএফের মহাপরিচালক। এ সময় তিনি মাঠপর্যায়ের কার্যক্রম, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সরেজমিনে দেখবেন।
এ ছাড়া সফরে ‘সহায়তার গণ্ডি পেরিয়ে: অধিকার সুরক্ষা ও সেবার ধারাবাহিকতা নিশ্চিতকরণ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। পিএসটিসি ও দৈনিক বণিক বার্তার যৌথ আয়োজনে এতে সরকারের নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, গবেষক ও শিক্ষাবিদেরা অংশ নেবেন। পরিবর্তিত বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের প্রেক্ষাপটে বিকল্প অর্থায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকারভিত্তিক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে।
ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের (নয়ন) আয়োজনে তরুণদের সঙ্গেও মতবিনিময় করবেন মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো। সভায় তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও সুপারিশ শোনার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ এবং মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের আশা, এ সফরের মধ্য দিয়ে আইপিপিএফ ও পিএসটিসির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার হবে। পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা এবং সবার জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার উদ্যোগ নতুন গতি পাবে।