• খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।
• রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৪৬.৫৯% ঋণ খেলাপি।
• বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৩২.০২%।
• মূলধন ঘাটতি কমাতে বন্ড-শেয়ার ছাড়ার পরিকল্পনা।
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা ক্রমেই ভারী হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকেও খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়েছে। বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থাও উদ্বেগজনক। তবে বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার তুলনামূলক কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২১ হাজার ৩৩৪ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত বা খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। ফলে এসব ব্যাংকের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই খেলাপি। অর্থাৎ বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৪৭ টাকাই ঝুঁকিতে রয়েছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণ ১৪ লাখ ২২ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ। অঙ্কের হিসাবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে এ খাতের ব্যাংকগুলোতে। বিশেষায়িত ব্যাংকগুলোর মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ বা ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণ ৬৬ হাজার ১৭৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ দশমিক ৯২ শতাংশ। সব মিলিয়ে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, ঋণ বিতরণে অনিয়ম এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে প্রভাবশালী ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং বারবার ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়ায় ব্যাংকিং শৃঙ্খলা দুর্বল হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতি কার্যকর হয়নি; বরং বছরের পর বছর এ ধরনের ছাড় সংকটকে আরও গভীর করেছে। খেলাপি ঋণ কমাতে করপোরেট সুশাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকারও পুরোনো পথেই হাঁটছে। বড় ঋণখেলাপিদের ঋণ পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তাতে ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১৫ বছরের জন্য ঋণ পুনঃ তফসিলের সুযোগ রাখা হয়েছে। অথচ আগে প্রথমবার ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো এবং দুবারের বেশি পুনঃ তফসিলের সুযোগ ছিল না।
এদিকে ঋণের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ বা প্রভিশনেও বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা প্রভিশন সংরক্ষণের প্রয়োজন থাকলেও সংরক্ষিত রয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে সামগ্রিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি ৭৪ হাজার ৮৩ কোটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ ঘাটতির পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ১৯৫ কোটি টাকা। বিপরীতে বিদেশি ব্যাংকগুলোর প্রভিশন উদ্বৃত্ত রয়েছে ৯৬৭ কোটি টাকা।
বন্ড ও শেয়ার ছেড়ে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মূলধন ঘাটতি কমাতে চায় সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ জানান, বন্ড ও শেয়ার ছেড়ে ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
সভা সূত্রে জানা গেছে, দুর্বল বেসরকারি ব্যাংকগুলোকে সহায়তায় উন্নয়ন-সহযোগীদের অংশগ্রহণে ব্যাংক রেজল্যুশন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকের ব্যালান্স শিট পরিষ্কার করতে ডিসেম্বরের মধ্যে এক্সিট পলিসি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা আইন পাস হলে ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ কিনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকা। এ ঘাটতি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপও রয়েছে।
এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, ঘাটতি আছে বলে টাকা দিয়ে দেওয়া—এমন উদ্যোগ অতীতেও বারবার নেওয়া হয়েছে। কিন্তু তাতে সুফল আসেনি। সংস্কারভিত্তিক অর্থায়ন না হলে আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।