হোম > অর্থনীতি

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাত ও জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা। ছবি: সংগৃহীত

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারে ইকো-টুরিজমভিত্তিক উন্নয়ন, পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন, মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাত ও জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজারের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজারের উন্নয়নে পরিবেশবান্ধব ইকো-টুরিজম মডেল অনুসরণ করা প্রয়োজন। পর্যটন শিল্পের টেকসই বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

পর্যটনমন্ত্রী আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে সরাসরি যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে এ গন্তব্যের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যটনমন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য নতুন একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপ দেওয়া হবে।

সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ, ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং পর্যটনকেন্দ্রিক অন্যান্য অবকাঠামো উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তাব অন্তর্ভুক্ত করে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দ্রুত একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রাজধানীর মিরপুর ২-এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চাটমোহরে গাছের চারা বিতরণ করল অরণ্য বাংলাদেশ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সোনার দাম ভরিতে বাড়ল ২৭৪১ টাকা

ইপিবির পর্ষদ সভা: নতুন ক্রেতা খুঁজতে ২৭ দেশে যাচ্ছে বাংলাদেশ

প্রথম একনেক সভা আজ: নতুন অর্থবছরের শুরুতেই বড় সরকারি বিনিয়োগ

বাড়ছে আমভিত্তিক অর্থনীতি