হোম > অর্থনীতি

এডিবির বার্ষিক প্রতিবেদন ২০২৫: তিন কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং কঠোর রাজস্ব ও মুদ্রানীতির সম্মিলিত প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, এই তিনটি উপাদান মিলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান চাপ তৈরি করেছে, যার প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও ভোক্তা ব্যয়ের ওপর।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এডিবির বার্ষিক প্রতিবেদন ২০২৫-এ এই চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে নেপালের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ টানা হলেও বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের চাপ কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে, যা প্রবৃদ্ধির গতি মন্থর করে তুলছে।

প্রতিবেদনটি দেশের আর্থিক খাতের কাঠামোগত দুর্বলতার দিকেও স্পষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। বলা হয়েছে, ব্যাংক খাত দীর্ঘদিন ধরে প্রধান আর্থিক মাধ্যম হিসেবে থাকলেও দুর্বল শাসনব্যবস্থা, অপর্যাপ্ত তদারকি এবং মূলধনের ঘাটতি এই খাতকে কার্যকরভাবে বিস্তৃত হতে দিচ্ছে না। ফলে দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না। এতে আর্থিক অন্তর্ভুক্তির গতি কমে যাচ্ছে এবং উৎপাদনমুখী খাতেও প্রভাব পড়ছে।

এই প্রেক্ষাপটে ব্যাংক খাতের সংস্কার ত্বরান্বিত করতে ২০২৫ সালে বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে এডিবি। এই অর্থ ব্যবহৃত হবে তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করা, শাসনকাঠামো উন্নত করা, সম্পদের মানোন্নয়ন এবং তারল্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাশ্রয়ী অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করাও এই সহায়তার অন্যতম লক্ষ্য।

এডিবি জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাংকিং খাতের স্থিতিশীলতা জোরদারেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের পরিবহন অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের জন্য মোট ৫২১ কোটি ডলারের অর্থায়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে ঋণ ও অনুদান মিলিয়ে ২৫৭ কোটি ডলার সরাসরি সহায়তা হিসেবে আসবে, আর বাকি অর্থ বেসরকারি খাত ও অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে যৌথ অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হবে।

বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে এডিবি বলছে, ২০২৫ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের মোট অর্থায়ন প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। এর সঙ্গে উন্নয়ন অংশীদারদের অতিরিক্ত ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই অর্থায়নের সম্ভাব্য প্রভাবও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এডিবির হিসাবে, এসব উদ্যোগের মাধ্যমে ৩৩ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং সরাসরি ও পরোক্ষভাবে ১৮ কোটির বেশি মানুষ উপকৃত হতে পারে।

অঞ্চলভিত্তিক বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণ এশিয়াই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, যেখানে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ বিলিয়ন ডলার, মধ্য ও পশ্চিম এশিয়ায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। তুলনামূলকভাবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বরাদ্দ কম হলেও আঞ্চলিক প্রকল্পগুলোর মাধ্যমে সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

খাতভিত্তিক বিশ্লেষণে আর্থিক খাত, পরিবহন এবং সরকারি ব্যবস্থাপনা শীর্ষ অগ্রাধিকার পেয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে বেসরকারি খাতের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছে এডিবি, যেখানে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রাখা হয়েছে। সরকারি খাতে বিনিয়োগের একটি বড় অংশ ব্যয় হয়েছে অবকাঠামো উন্নয়ন, সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে, যাতে দীর্ঘ মেয়াদে বেসরকারি বিনিয়োগের পরিবেশ শক্তিশালী হয়।

প্রতিবেদনটি আরও জানায়, প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। মূলধন না বাড়িয়েই অর্থায়ন সক্ষমতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ, জ্বালানি নীতিমালার হালনাগাদ, ক্রয়প্রক্রিয়া সহজীকরণ এবং গুরুত্বপূর্ণ খনিজভিত্তিক মূল্যশৃঙ্খল গড়ে তোলার নতুন পদ্ধতি গ্রহণ—এসব উদ্যোগ ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

পিআরআইয়ের সেমিনার: মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

প্রাইম ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি

তামাকজাত পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর প্রস্তাব

কেন ২২ হাজার কেজি সোনা বিক্রি করলেন পুতিন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

নগদের মাধ্যমে দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি

২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

আজ থেকে দেশের বাজারে নতুন দামে মিলবে সোনা-রুপা

ক্রেডিট কার্ড ব্যবহার কমল দেশে-বিদেশে

আয়কর সংস্কার: করমুক্ত সীমা ৫ লাখ চায় ডিসিসিআই