হোম > অর্থনীতি

কমেই চলছে সোনা-রুপার দাম, আজ ভরি কত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বাজারে কমেই চলেছে সোনা ও রুপার দাম। তেজাবী সোনা ও রুপার (পিউর গোল্ড ও সিলভার) দাম কমায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২ হাজার ২১৬ টাকা কমে ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা গতকাল নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

রুপার গয়নারও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩১৫ টাকা, যা আগে ছিল ৪ হাজার ৪৯১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮২ টাকা।

বাজুস জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।