ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা ও নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩০)। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কোটচাঁদপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে উপজেলার ভদ্রেশ্বরী জোড়পুকুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় হাবিবুল্লাহ ওরফে হাবিবকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বকুল হোসেন নামে অন্য এক কারবারি পালিয়ে যান। তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকার আব্দুল হকের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।