হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কা ও প্রাণনাশের হুমকি, যুবক গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের সময় মমিনুর রশিদকে থামানো হয়। তাঁর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি অসহযোগিতা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের গালিগালাজ করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

ওই ঘটনার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে পূর্ব চৌরাস্তার সাফ ওয়ান স্পোর্টসের সামনে মমিনুর রশিদ আবারও পুলিশ সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি দেন।

পুলিশের ভাষ্য, এ সময় এসআই শামিম আলম প্রতিবাদ করলে মমিনুর রশিদ মোবাইল ফোনে তাঁর কর্তব্য পালনের ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয়রা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে মমিনুর রশিদ ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে তিনি একটি কাঠের সঙ্গে লেগে মাথায় আঘাত পান। আহত এসআই শামিম আলমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পরে পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় উপপরিদর্শক মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত মমিনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।