হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো—সিলেট সদরের টুকেরবাজার এলাকার হাবিবুর রহমানের পাঁচ মাস বয়সী ছেলে সাইফান হোসেন এবং জকিগঞ্জের রুবেল আহমদের ১১ মাস বয়সী মেয়ে তানহা জান্নাত। সাইফান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তানহা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৫৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১২০ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।