হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার দাবি সন্তানদের

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর রায়নগরে বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির প্রবাসী চার সন্তান। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী প্রভাবশালী হওয়ার কারণে যেন আইনের আওতা এড়াতে না পারেন, এমন দাবিও জানিয়েছেন তাঁরা।

আজ সোমবার রায়নগরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত আবদুস সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তান আরিফ ইফতেখার, তাহমিনা সাত্তার এনি, সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু।

লিখিত বক্তব্যে তাঁরা বলেন, বাবা-মা এবং পরিবারের সঙ্গে থাকা গৃহপরিচারিকাকে একসঙ্গে হারানোর শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা-মাকে হারানোর কষ্ট তাঁদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। একই সঙ্গে তরুণ গৃহপরিচারিকার মর্মান্তিক মৃত্যুও তাঁদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। হত্যাকাণ্ডের পর তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারপরও দেশের আইন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাঁদের আস্থা রয়েছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতদের সন্তানেরা বলেন, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করতে হবে এবং আদালতের মাধ্যমে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, হত্যাকাণ্ডের পর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের মানুষ তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সাংবাদিকসহ অনেকে তাঁদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, গণমাধ্যম হত্যাকাণ্ডটি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এবং ন্যায়বিচারের দাবি সামনে এনেছে। ভবিষ্যতেও তদন্ত ও বিচারপ্রক্রিয়ার বিষয়ে জনগণকে অবহিত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তাঁরা।

সংবাদ সম্মেলনে নিহত তিনজনের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চান চার ভাই-বোন। একই সঙ্গে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টার দিকে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে আবদুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনার (২০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।