হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো ৩ ব্যক্তি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

সিলেট নগরে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি কিশোরীকে আটকের পর মারধর করে শিকলে বেঁধে সড়কে হাঁটান বলে জানা গেছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। ভিডিওচিত্র দেখে তাঁদের আটক করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশবাক্স চুরির চেষ্টা করে এক কিশোরী। সে সময় ব্যবসায়ী ও স্থানীয়রা কিশোরীকে আটক করেন।

অভিযোগ অনুযায়ী, আটকের পর কিশোরীকে মারধর করা হয়। পরে রাত ১১ টার দিকে তাঁর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয়। পরে স্থানীয়রা কিশোরীকে হজরত শাহপরান (রহ.) থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে আটককারীরা থানায় কিশোরীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

মঙ্গলবার রাতে ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কিশোরীর কোমরে শিকল বেঁধে তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় অঝোরে কাঁদছিলেন ওই কিশোরী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তাঁরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাত ১০টার দিকে পুলিশকে আবার ফোন দেওয়া হলে পুলিশ কিশোরীকে হেফাজতে নেয়।’

মো. মনজুরুল আলম আরও বলেন, ‘সে সময় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় কিশোরীকে আইনগত প্রক্রিয়ায় মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে কিশোরীকে শিকলে বেঁধে ঘোরানোর ভিডিওটি নজরে আসার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’