হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ দম্পতি গ্রেপ্তার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

জব্দ করা ভারতীয় মদ। ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মোসাব্বেরের ছেলে আব্দুল হক (৫০) ও তাঁর স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল মদ পাওয়া যায়। পরে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আরও ১৫৩ বোতল মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দম্পতি মাদক কারবারি। তাঁদের কাছ থেকে ২০৩ বোতল মদ জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।