চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সিলেটের ২৩টি বাগানের চা-শ্রমিকেরা।
আজ রোববার সকালে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট ভ্যালি বি-৭৭ রেজি. ইউনিয়ন আলীবাহার চা-বাগান পঞ্চায়েত কমিটি, শ্রমিকবৃন্দ, ছাত্র-যুবক। সার্বিক সহযোগিতায় ছিল প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থা আলী বাহার সিলেট।
চা-শ্রমিকের ৪ দফা দাবির মধ্যে দৈনিক মজুরি ৫০০ টাকা দিতে হবে, অগণতান্ত্রিক গেজেট বাতিল করতে হবে, চা-শ্রমিকের আইনগতভাবে ভূমি মালিকানা নিশ্চিত করতে হবে, চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘোষণা করতে হবে। এই দাবিগুলো না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬ নম্বর টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক অংশ নিয়ে বলেন, বর্তমান বাজারের উচ্চমূল্যের কারণে স্বল্প মজুরিতে একটি পরিবারের পক্ষে দুই বেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকা সত্যিই অত্যন্ত কঠিন। চাল, ডাল, তেল এবং সবজির দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। বাজার খরচের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। দিনমজুর ও স্বল্প আয়ের শ্রমিকরা এই মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬ নম্বর টুকের বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ আহমদ ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা বেগম অংশ নেন।
কর্মবিরতি-বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ (সাগর), আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরণ গোয়ালা, আলীবাহার পূজা কমিটির সভাপতি কৃষ্ণ গোয়ালা, আলীবাহার পঞ্চায়েত কমিটির সহসভাপতি নাজমা বেগম।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের বক্তারা বলেন, বর্তমানে একজন চা-শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। আজকের দিনে এই মজুরি দিয়ে কোনোভাবেই একটি পরিবার দুই বেলা খেয়ে চলতে পারে না। তাই দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।