হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন

সিলেট প্রতিনিধি

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস চারটি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে। ওই চার বাস ছাড়াও সেখানে আরও অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসগুলোয় আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি সিটিএসবি) আফজাল হোসেন। তিনি বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা যাচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।