হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৭১ লাখ টাকা

সিলেট প্রতিনিধি

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।

গণনা শেষে আজ শনিবার বিকেলে এ ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।

এর আগে সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কাজ শুরু হয়। তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু হয়। ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে বসে টাকা গণনা করেন।

এ সময় প্রশাসনের প্রতিনিধি, মাজারের মুতাওয়াল্লিসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

গণনা শেষে সিসিক প্রশাসক জানান, এবার নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। স্বর্ণ পাওয়া গেছে ২ ভরি ১ রতি এবং রৌপ্য ২৩টি ২ আনা। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি এবং ১ কানাডিয়ান ডলার। এ ছাড়া কুয়েতি মুদ্রাও পাওয়া গেছে। এসব অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

এর আগে গত ২২ জুন দানবাক্স ও ডেগ খুলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ইতিহাসে প্রকাশ্যে প্রথমবার টাকা গণনা করা হয়। তখন মাত্র ৪ দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স ও ডেগের টাকা গণনা করে ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। আর সর্বশেষ গণনার ৩৪ দিন পর আবার দানবাক্স খোলা হলে এবার ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।