সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে মাদকগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০টি ইয়াবা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ট্রাক থেকে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।