হোম > সারা দেশ > সিলেট

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

সিলেট প্রতিনিধি

সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে।

সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে বলে জানা গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকালে খেয়াঘাট থেকে কোনো নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন। তবে রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’