হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন। সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৪৯৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার শিশু হলো সিলেটের কানাইঘাটের ১০ বছর বয়সী এমরান হোসেন, জকিগঞ্জের ৭ মাস বয়সী ওবায়দুল্লাহ, হবিগঞ্জের বাহুবলের ১০ মাস বয়সী সাফায়েত এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের ৩ বছর ৩ মাস বয়সী খাদিজা।

এমরান হোসেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্য তিন শিশু মারা গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ‘গত তিন দিন কোনো মৃত্যু ছিল না। কিন্তু আজ একসঙ্গে দুই হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই নানা রোগে আক্রান্ত ছিলেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করা হচ্ছে। আমরা প্রতি উপজেলায় নির্দেশনা দিয়েছি, যাতে অবস্থা বেশি খারাপ না হলে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়। সংকটাপন্ন হলে যেন শহরে পাঠানো হয়।’

ডা. শামীম আরও বলেন, ‘আমাদের ধারণক্ষমতার চেয়েও বেশি রোগী ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। অনেকের অবস্থা ততটা খারাপ না থাকলেও এখানে আসেন, ফলে চাপ বৃদ্ধি পায়। এটি একজনের দেহ থেকে অন্যজনে ছড়ায়। এভাবে আরও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সচেতনতার বিকল্প নেই।’