দেড় হাজার দৌড়বিদ নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সিলেট ম্যারাথন। আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেট রানার্স ক্লাবের আয়োজনে সিলেট সার্কিট হাউসের সামনে থেকে তিন ধাপে শুরু হবে এ ম্যারাথন। এই আয়োজনকে সামনে রেখে আজ অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রানার কিট বিতরণ করা হয়। এবারের আয়োজনে ১০ দশমিক ৫, ২১ দশমিক ১ ও ৪২ দশমিক ২ কিলোমিটার—তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন প্রায় দেড় হাজার দৌড়বিদ।
এই পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আজকের পত্রিকা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিরা।
জানা যায়, ম্যারাথনে ১০ দশমিক ৫ কিলোমিটার মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ৪২ দশমিক ২ কিলোমিটার ফুল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ দিবাগত রাত সাড়ে ৩টায় শুরু হবে ফুল ম্যারাথন এবং হাফ ও মিনি ম্যারাথন ভোররাত সাড়ে ৫টায় শুরু হবে। পরদিন সকাল ৮টার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে বিভিন্ন দেশের শতাধিক দৌড়বিদ অংশ নেবেন।