শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্রীড়া সম্পাদক শাকিল হাসান বলেন, শাকসু স্থগিত হওয়ার পর প্রশাসন বলেছিল, ৪ সপ্তাহ পর শাকসু নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। কিন্তু প্রশাসনের কাছে প্রশ্ন, এখনো কি সেই ৪ সপ্তাহ হয়নি?
স্বতন্ত্র ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী শাকিল বলেন, রিটের মাধ্যমে নির্বাচন বন্ধ করার মতো এমন নোংরামির নজির আর কোথাও আছে বলে মনে হয় না। আমি এখনো শাকসুর সময়ে নেওয়া ঋণ পরিশোধ করতে পারিনি। আমার মতো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এমন অন্যায় কেন করা হলো?’
ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার বলেন, শাকসু নির্বাচন বানচালে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে। প্রশাসন শাকসু চায় না। কারণ শাকসু প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। শিক্ষকদের স্বৈরাচারী মনোভাব, অনিয়ম-দুর্নীতি, প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং শিক্ষার্থীদের ওপর একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না।
ছাত্রশিবিরের অফিস সম্পাদক শাকিল মাহমুদ বলেন, আশা করছিলাম নতুন যে প্রশাসন এসেছে, তারা শিক্ষার্থীদের পালস বুঝবেন। শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে তারা তাদের ন্যূনতম কর্তব্য (শাকসু নির্বাচন দেওয়া) পালন করবেন। কিন্তু বর্তমান প্রশাসন ‘নতুন দায়িত্ব গ্রহণ করেছেন’, ‘দায়িত্ব বুঝে পাইনি’ এ রকম নানা কথা বলে নাটক করছেন।