হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন

সিলেট প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নাগরিক সেবাও ক্রমেই সহজ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। নাগরিকদের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ কমানো এবং কম সময়ে সহজে সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সিলেট সিটি করপোরেশন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। নাগরিকরা সেবার বিনিময়ে যে কর প্রদান করেন, সেটি যাতে সহজে এবং ঘরে বসেই পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান। উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিক ও এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।