হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে পুকুরে ডুবে পঞ্চম শ্রেণির শিশুর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ছাদিয়া তার সহপাঠী রমিজ মিয়ার মেয়ে নাজিফাকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে সাঁতার কাটতে যায়। প্লাস্টিকের বোতলের সাহায্যে কিছুক্ষণ সাঁতার কাটার পর একপর্যায়ে দুজনই পানির গভীরে তলিয়ে যায়।

পুকুরের পাড়ে থাকা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রথমে নাজিফাকে এবং কিছুক্ষণ পর ছাদিয়াকে উদ্ধার করেন।

স্থানীয় লোকজনের চেষ্টায় নাজিফার শরীর থেকে পানি বের করার পর তার জ্ঞান ফেরে। তবে ছাদিয়ার জ্ঞান না ফেরায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।