হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত দুই প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

আজ শনিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে এবং ফেরিঘাটসংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সিলেটগামী আরেকটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আয়াত সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাসানুজ্জামানের সন্তান।

অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফেরিঘাটসংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় জাফলংগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাসচালক হাসান প্রামানিক (৪০) মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।

দুর্ঘটনা দুটির খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী