সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি কেউ বলতে পারছে না।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ে যাওয়ায় ম্যানুয়ালি কাজ করতে অনেকটা সতর্ক থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সমাধান করা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আমরা আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নেভানোর পর ইমিগ্রেশন কক্ষ ঘুরে দেখে বুঝতে পারলাম বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে বলতে হবে। বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্তরা আমাদের কোনো কিছু জানাননি।’
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আজ সকাল থেকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। এতে কাজে বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেওয়া যাচ্ছে। তবে ফ্লাইট অপারেশনে কোনো ব্যাঘাত ঘটেনি।