হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগের কর্মী। ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে মো. সোহেল আহমদকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর শাহপরাণ থানাধীন বালুচর আল ইসলাহ এলাকায় থাকেন।

পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) ও জুনায়েদ আহমদকে (২৩) গ্রেপ্তার করা হয়। নাইম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। জুনায়েদ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া (কাজীবাড়ী) গ্রামের শাকিল আহমদের ছেলে। তাঁরা দুজনই বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবির উপপুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।