হোম > সারা দেশ > সিলেট

সিলেটে তিন খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার

সিলেট প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

সিলেটে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

পুলিশ জানায়, তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) ঘটনার দিন বুধবার বিকেল ৫টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়া (কবিরাজের) ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর বাবুল মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ আরও জানায়, বাবুল মিয়ার দেখানো স্থান থেকে বুধবার তল্লাশি চালিয়েও ছুরিটি পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে একই স্থানে আবারও অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে ছুরিটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগম (২৫)।

আব্দুস সাত্তার স্ত্রীকে নিয়ে রায়নগরের ওই নিজ বাসায় বসবাস করতেন।