হোম > সারা দেশ > সিলেট

সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে মেছো বাঘ আটক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সাহিদ আলীর হাঁসের খামারের ফাঁদে বাঘটি ধরা পড়ে। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিশ্বনাথে হাঁস খেতে এসে লোহার খাঁচায় আটকা পড়েছে একটি মেছো বাঘ। আজ শুক্রবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সাহিদ আলীর হাঁসের খামারের ফাঁদে বাঘটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্লভপুর গ্রামের সাহিদ আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একটি হাঁসের খামার পরিচালনা করে আসছেন। গত কিছুদিন ধরে খামার থেকে একের পর এক হাঁস গায়েব হচ্ছিল। প্রাণীটির হাত থেকে হাঁস রক্ষায় তিনি খামারঘরের পেছনে একটি লোহার খাঁচা রেখে ফাঁদ পাতেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতেও ফাঁদটি পেতে রাখা হয়। আজ সকালে হাঁস শিকার করতে এসে প্রাণীটি ওই খাঁচায় আটকে পড়ে।

খামারমালিক সাহিদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে হাঁস খেয়ে ফেলায় আমার অনেক আর্থিক ক্ষতি হচ্ছিল। বাধ্য হয়ে খামারের পেছনে ফাঁদ পেতে রাখি। অবশেষে আজ সকালে মেছো বাঘটি ধরা পড়ে।’

বাঘ আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজন সেটি দেখতে খামারে ভিড় করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও সিলেট বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।