সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়। একই অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০২৩ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এসব জরিমানা করেন।
অভিযানে সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে ১ লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি বি এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে এবং দীপঙ্কর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, পরিবেশদূষণ রোধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বায়ুদূষণ, পাহাড় ও টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন পরিচালনা করেন। পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।