সিলেট মহানগর এলাকায় চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের বিরুদ্ধে অভিযানে আটক করা যানবাহনগুলো শর্তসাপেক্ষে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
আজ রোববার এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছিল। পরে মালিক ও চালকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় গত ৮ নভেম্বর এসএমপির এক সভায় যানবাহনগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ ক্ষেত্রে সিলেট মহানগর এলাকায় ভবিষ্যতে এসব যানবাহন না চালানোর শর্ত দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আটক যানবাহনের মালিক বা চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
যানবাহন ফেরত পেতে আবেদনকারীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং আটকসংক্রান্ত রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে। পাশাপাশি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহানগর এলাকায় ভবিষ্যতে এসব যানবাহন না চালানোর অঙ্গীকারনামা দিতে হবে। একই সঙ্গে ফেরত পাওয়া যানবাহন সিলেট মহানগর এলাকায় বিক্রি করা হবে না মর্মেও অঙ্গীকার করতে হবে।
এসএমপির সিটিএসবির উপপুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গণবিজ্ঞপ্তি জারির পর সিলেট মহানগর এলাকায় পুনরায় কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।