সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা পৌঁছাল ২০০-তে। যার মধ্যে সন্দেহজনক ১৯০ জন এবং ১০ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
আজ শুক্রবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে তিন শিশু মারা গেছে।
মারা যাওয়া শিশুরা হলো সিলেটের বিয়ানীবাজারের এক বছর বয়সী আব্দুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের ৯ মাস বয়সী জিসান আহমেদ ও হবিগঞ্জ সদরের ৩ মাস ২৪ দিন বয়সী জায়ান।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও ৯৪ জন সন্দেহজনক নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন এবং বিভিন্ন উপজেলা ও জেলা সদর হাসপাতালে অন্যরা ভর্তি আছে।
অদ্যাবধি বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৪৪২ জন সিলেট জেলার।