মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে বইছে আনন্দের বন্যা। একসঙ্গে চার সন্তানের বাবা-মা হওয়ায় খুশি পরিবারের সদস্য ও স্বজনেরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাসী সাইদুল ইসলাম রিজন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা।
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে মা ও নবজাতকদের শুভকামনা জানান।
পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথিকে পেয়ে তাঁরা আনন্দিত। মা ও নবজাতকেরা সুস্থ আছেন।
সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।