হোম > সারা দেশ > সিলেট

সিলেটের শাহি ঈদগাহ মাঠ: শিশুদের খেলা বন্ধ করে মাসব্যাপী বাণিজ্য মেলা

লবীব আহমদ, সিলেট 

খেলার মাঠে চলছে বাণিজ্য মেলার অবকাঠামো নির্মাণকাজ। পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছে শিশু-কিশোরেরা। গতকাল বিকেলে সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা, ক্রীড়াবিদ ও ব্যবসায়ীরা। তাঁরা মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছে শিশুরাও।

এর আগে গত বছরও একই মাঠে বাণিজ্য মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তা আর হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর শাহি ঈদগাহ মাঠে মাসব্যাপী সিলেট বাণিজ্য মেলাশুরু হবে। মেলা উপলক্ষে ১৪ সেপ্টেম্বর শাহি ঈদগাহ মাঠে অবকাঠামোগত নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

গত সোমবার মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া গত রোববার খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন তাঁদের আশ্বাস দিয়েছেন। আগামী দুই-এক দিন অপেক্ষা করা হবে। এরপর এলাকাবাসী ও স্থানীয় ক্রীড়াবিদদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের এক পাশে অবকাঠামোগত নির্মাণকাজ চলছে। ফাঁকা জায়গায় ফুটবল খেলছে শিশু-কিশোরেরা।

এ সময় নবম শ্রেণির শিক্ষার্থী মাহদী হাসান বলে, ‘আমরা প্রতিদিনই এখানে খেলতে আসি। মেলা শুরু হলে কয়েক মাস খেলতে পারব না। তখন হয় মেলায় এসে ঘুরতে হবে, না হলে বাসায় বসে থাকতে হবে।’

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম বলেন, খেলার মাঠে শিশুরা খেলবে। মেলা করতে চাইলে খেলার মাঠের বাইরে করেন। প্রয়োজনে এই উদ্যোগ বন্ধের দাবিতে নানা কর্মসূচি পালন করা হবে।

আয়োজক সংগঠন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা বলেন, ‘আমরা সদর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়ে মেলা আয়োজন করছি। আমরা মাঠ যে রকম আছে, মেলা শেষে সে রকমই করে দেব।’

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মেলা হবে। মেলার তো দরকার। তবে এখনো পর্যন্ত বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’