হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৪

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তবে আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি মো. আনিসুর রহমান বলেন, লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।