হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পারিবারিক কলহের জেরে নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী পুলিশি হেফাজতে

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে ও রশিদ আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তাঁর স্বামী নির্যাতন করেন। পরে তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিয়াসমিনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।